মদ খাওয়ার টাকা না দেওয়ায় ছেলের হাতে আক্রান্ত মা। ঘটনায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা ছেলের। কোনক্রমে আক্রান্ত মহিলা পালিয়ে আশ্রয় নেয় মেয়ের বাড়িতে।বর্তমানে ওই আদিবাসী মহিলা মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কন্যদিঘি গ্রামে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আহত মহিলার নাম কুট্টি মার্ডি(৫০)।
জানা গিয়েছে, তার স্বামী খোট্টা মুর্মু তিন বছর আগে মারা গিয়েছে। মেয়ে আরতি মুর্মু পাশের গ্রামে বিয়ে হয়েছে। এক মাত্র ছেলে প্রদীপ মুর্মুকে নিয়ে গ্রামে বসবাস করতেন ওই মহিলা। মা ও ছেলে দুইজনেই পেশায় দিন মজুর। অভিযোগ দীর্ঘদিন ধরেই মদপ্য ছেলের হাতে অত্যাচারীত হচ্ছিল ওই আদিবাসী মহিলা। মঙ্গলবার রাত্রিবেলা প্রদীপ তার মায়ের কাছে মদ খাওয়ার জন্য ৭০টাকা চায়। সেই টাকা দিতে অস্বীকার করায় সে তার মায়ের ওপর প্রথমে লোহার রড পরে ধারালো অস্ত্র নিয়ে চরা হয়ে মারধর শুরু করে। ছেলের মারে রক্তাত্ব অবস্থায় ওই মহিলা প্রান বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে পাশের গ্রামে মেয়ের বাড়িতে আশ্রয় নেয়। মায়ের কাছ থেকে সমস্ত ঘটনা জেনে আহত মাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত ভাই প্রদীপ মুর্মুর বিরুদ্ধে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক তার খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিশ।